April 15, 2026

সৌদিতে ‘খুরুপ’ খেয়ে দেশে এসে ক্ষতিপূরণ দাবিতে বৃদ্ধের ওপর হামলা!

Messenger_creation_0FEA3087-41DB-44C1-8908-D3DBDE4EF99F~2

লক্ষ্মীপুরের কমলনগরে সৌদি আরবে লোক পাঠানো এবং কর্মস্থল থেকে শ্রমিক পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর জেরে মো. আমিন উল্যা (৭০) নামে এক বৃদ্ধকে প্রাণনাশের চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার দক্ষিণ চর মার্টিন গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী আমিন উল্যার দুই ছেলে মানিক হাসান ও মুক্তার হোসেন দীর্ঘ ১০ বছর ধরে সৌদি আরবে নিজস্ব ব্যবসা পরিচালনা করছেন। প্রায় দেড় বছর আগে তারা একই এলাকার তারেক, কামাল ও জাহাঙ্গীর নামে তিন ব্যক্তিকে সৌদি আরব যেতে সহযোগিতা করেন। বৈধ ভিসায় নেওয়ার পর তাদের আকামা ও চাকরির সুব্যবস্থা করে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, কয়েক মাস কাজ করার পর ওই তিন ব্যক্তি অধিক আয়ের লোভে মালিকের অজান্তেই কর্মস্থল থেকে পালিয়ে অন্তত দুই হাজার কিলোমিটার দূরে চলে যান। সেখানে তারা অন্য কোম্পানিতে কাজ শুরু করেন। এর মধ্যে জাহাঙ্গীর অবৈধভাবে ওমরাহ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে দেশে ফেরত আসেন। বাকি দুইজনও পালিয়ে যাওয়ায় নিয়োগকর্তা (কফিল) নিয়ম অনুযায়ী তাদের ভিসা বাতিল (খুরুপ) করে দেন।

ভুক্তভোগী আমিন উল্যা জানান, অভিযুক্তরা নিজেদের দোষ ঢাকতে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে। গত মঙ্গলবার সকালে তাকে একা পেয়ে হানিফ মোল্লা, আজাদ উদ্দিন ও মজিদসহ ৮-১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে প্রাণনাশের হুমকি দিয়ে অভিযুক্তরা চলে যায়।

ভুক্তভোগী আমিন উল্যা বলেন, আমার ছেলেরা মানবিক কারণে এলাকার অন্তত ৩০ জনকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু তারেক ও কামাল বর্তমানে অন্য জায়গায় কাজ করে দেশে টাকা পাঠালেও তাদের স্বজনরা আমাদের কাছে উল্টো ক্ষতিপূরণ দাবি করছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

অন্যদিকে, অভিযুক্তদের স্বজনরা এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দুই ছেলে এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন বলে দাবি করেন আমিন উল্যা।

তিনি অভিযোগ করে বলেন, তারা গোপনে পালিয়ে গিয়ে সৌদি আরবের আইন ভঙ্গ করেছে। এখন তারা নিজেদের অপরাধ স্বীকার না করে উল্টো আমার ছেলেদের কাছে ক্ষতিপূরণ দাবি করছে এবং আমাদের মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ চর মার্টিন গ্রাম ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রবাসে গিয়ে আইন ভঙ্গ করা এবং দেশে এসে তার জেরে বৃদ্ধ বাবার ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করছেন তারা।

এবিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোন একাধিকবার ফোন করলেও তারা রিসিভ করেননি। যে কারণে মন্তব্য নেওয়া যায়নি।

About The Author