ভুলুয়া নদীতে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা জাল অপসারণ
রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজার নেতৃত্বে ভুলুয়া নদীতে পানি প্রবাহে বাধা সৃষ্টি করা জাল অপসারণে একটি গুরুত্বপূর্ণ অভিযান পরিচালিত হয়।
১৮ সেপ্টেম্বর (বুধবার) উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরবসু সংলগ্ন চরঠিকা নতুন ব্রিজের পাশে ভুলুয়া নদীর শাখা খালে স্থাপিত অবৈধ জাল ও পানি নিষ্কাশনে বাধাসমূহ দূরে অভিযান পরিচালনা করা হয়।

ভুলুয়া নদীতে সকল প্রকার অবৈধ জাল ও বাধা অপসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন উচ্চ আদালতে রিটকারী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব আব্দুস সাত্তার পালোয়ান তিনি প্রতিদিন মাঠে থেকে সেচ্ছাসেবীদের নিয়ে কার্যক্রম পরিচালনা করা সহ নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

অভিযানের প্রথম পর্বে,ভুলুয়া নদীতে যে সকল অবৈধ জাল বসিয়ে পানির গতিপথ বন্ধ করে রাখা হয়েছে সেগুলো তাতক্ষণিকভাবে অপসারণ করা হয়।এই জালগুলো পানির প্রবাহকে বাধা দিচ্ছিল এবং স্থানীয় বাসিন্দাদের সমস্যার মুখে ফেলছিল।একইসঙ্গে পানি নিষ্কাশনে বাধাসমূহও সরানো হয়,যা এলাকার জলবদ্ধতার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়াও,স্থানীয়দের সতর্ক করা হয় যেন তারা ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকে।স্থানীয় বাসিন্দাদেরকে জলাশয় রক্ষা ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জানানো হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয়।
এলাকার পরিবেশ রক্ষা এবং জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় এই পদক্ষেপটি অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা।
